ছবি; সংগৃহীত
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে এক অদ্ভুত ওভার উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জন হ্যাস্টিংস। মাত্র ৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান জয় পেয়েছে ১০ উইকেটে, যার বড় অংশজুড়েই আলোচনায় ছিলেন হ্যাস্টিংস।
৭ ওভারে পাকিস্তানের রান যখন ৫৫, তখন হ্যাস্টিংসকে আক্রমণে আনেন অধিনায়ক ব্রেট লি। কিন্তু বল হাতে নিয়েই খেই হারান তিনি। এক ওভারে দেন মোট ১৮টি বল, যার মধ্যে ১২টি ছিল ওয়াইড আর ১টি নো বল। ওভারের শেষ বলটিও ছিল ওয়াইড, সেটিই ম্যাচ জয়ের রান হয়ে যায় পাকিস্তানের।
এই সময় ব্যাট হাতে ছিলেন শারজিল খান ও শোয়েব মাকসুদ। শোয়েবকে দেখা গেছে সবচেয়ে বেশি বিরক্ত, কারণ বেশিরভাগ বলই ছিল ব্যাটের নাগালের বাইরে। এমনকি এক পর্যায়ে অজি অধিনায়ক ব্রেট লিও মুখ লুকিয়েছিলেন নিজের হাতে!
ওভারের মধ্যে দুই প্রান্ত থেকেই বল করে দেখেছেন হ্যাস্টিংস, কিন্তু বারবারই লাইন মিস করেন। কিছু বল তো প্রায় পিচের বাইরেই পড়ে। দুই বৈধ ডেলিভারিতে শোয়েব নেন ২ রান, তবে বল না ছুঁলে সেগুলোও ওয়াইডই হতো।
এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানের সাঈদ আজমল হয়েছেন সেরা খেলোয়াড়—মাত্র ১৬ রান দিয়ে নেন ৬ উইকেট।
তবে এই হারে বাদ পড়েনি অস্ট্রেলিয়া। তারা সেমিফাইনালে উঠেছে এবং মুখোমুখি হবে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার।
