নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজটি সিলেটে আয়োজনের পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সিলেটেই সব ম্যাচ আয়োজনের সম্ভাবনা অনেক বেশি বলে জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
রোববার (৩ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিরিজের ভেন্যু নিয়ে কথা বলেন তিনি। ফাহিম জানান, নেদারল্যান্ডস সিরিজের আগে ঢাকায় শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। আগামী ৬ আগস্ট থেকে ফিটনেস পরীক্ষা দিয়ে শুরু হবে এই ক্যাম্প। এ উপলক্ষে বাংলাদেশ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা ১১ আগস্ট থেকে ঢাকায় আসতে শুরু করবেন।
তিনি বলেন, “৬ তারিখে ঢাকায় ফিটনেস ক্যাম্প শুরু হবে। এরপর ১১, ১২ কিংবা ১৩ তারিখের মধ্যে কোচ ও সাপোর্ট স্টাফরা চলে আসবেন। এরপর স্কিল ট্রেনিং শুরু হবে। তবে ক্যাম্পটা ঢাকায় থাকছে না। আমরা আশা করছি, এটি সিলেটে স্থানান্তর হবে। সেখানে কিছুদিন অনুশীলনের পর সেখানেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবো।”
এশিয়া কাপে বাংলাদেশ দলের সব ম্যাচই সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অনুষ্ঠিত হবে। ফাহিম মনে করেন, সিলেটের পিচে খেলা টাইগারদের জন্য একটি আদর্শ প্রস্তুতি হতে পারে। তিনি বলেন, “আমরা ওরকম উইকেট (আবুধাবির মতো) তৈরি করতে পারি না। আমাদের দেশে সবচেয়ে ভালো উইকেট সম্ভবত সিলেটেই। যেখানে কিছুটা রান হয়। টি-টোয়েন্টিতে রানপ্রসবা উইকেটই দরকার, আর সিলেট সেই উপযুক্ত জায়গা।”
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্লো ও টার্নিং উইকেট নিয়ে আগেও বহুবার সমালোচনা হয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে রানখরা দেখা গেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য রানের উইকেট চায় বাংলাদেশ দল। সে লক্ষ্যেই সিলেটকে বিবেচনায় রেখেছে বিসিবি।
যদিও সিরিজটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে এটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এশিয়া কাপের আগে এটি হবে টাইগারদের শেষ সিরিজ। ফলে এই সিরিজের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিতে চায় বাংলাদেশ। সে কারণেই স্পোর্টিং পিচে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিবি।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, “চেষ্টা করবো যেন সিলেটেই খেলা হয়। যাতে আমরা আদর্শ প্রস্তুতির সুযোগ পাই।”
