ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।
বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, চার নির্বাচন কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে রোডম্যাপ অনুমোদন করা হয়েছে।
অন্যদিকে, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি একই দিনে (২৭ আগস্ট) শেষ হয়েছে।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, চার দিনব্যাপী এই শুনানিতে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট এক হাজার ৮৯৩টি দাবি-আপত্তি শোনা হয়েছে। এর মধ্যে এক হাজার ১৮৫টি প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি প্রস্তাবের পক্ষে ছিল।
ইসি সচিব আরও জানান, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে টাইপিংয়ের কাজ চলছে। তিনি বলেন, “আমরা যে কর্মপরিকল্পনা করেছি, সেটি প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে।”
রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে করণীয় কার্যক্রম, রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ এবং প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা উল্লেখ থাকবে।
এছাড়া পাবনা ও সিরাজগঞ্জে আসনবিন্যাস নিয়ে দাবি উত্থাপিত হয়েছে। পাবনার পক্ষ থেকে সাঁথিয়া ও বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব করা হয়েছে, অন্যদিকে সিরাজগঞ্জের পক্ষ থেকে আগের আসন বিন্যাস পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
