ত্বক ও চুলের যত্নে তেজপাতার ৫ কার্যকরী ব্যবহার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-৩১
ছবি: সংগৃহীত

এত দিন অনেকেই ভেবেছেন, তেজপাতা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়ানোর কাজে ব্যবহৃত হয়। তবে জেনে অবাক হবেন, প্রাকৃতিক এই উপাদান ত্বক ও চুলের যত্নেও সমানভাবে কার্যকর। সবচেয়ে বড় কথা হলো, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে প্রকাশিত তথ্য অনুযায়ী, তেজপাতা ত্বক ও চুলের জন্য নানা উপকারে আসে।

তৈলাক্ত ত্বকের যত্নে

তেজপাতার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং ময়লা পরিষ্কার করে ব্রণ প্রতিরোধে সাহায্য করে। এর জন্য এক কাপ পানিতে পাঁচটি তেজপাতা সেদ্ধ করে ঠান্ডা করতে হবে। এরপর এতে মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করলে তৈলাক্ত ত্বক ব্রণমুক্ত থাকবে।

ত্বক সতেজ রাখতে

দুই কাপ পানিতে পাঁচটি তেজপাতা ফুটিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করুন। বড় একটি বাটিতে এই পানি নিয়ে তোয়ালে দিয়ে মুখ ঢেকে পাঁচ মিনিট স্টিম নিন। এতে ত্বকের ক্লান্তি দ্রুত কেটে গিয়ে সতেজ দেখাবে।

প্রাকৃতিক টোনার হিসেবে

এক কাপ পানিতে চারটি তেজপাতা সেদ্ধ করে ঠান্ডা করুন। এরপর এতে দুই টেবিল চামচ গোলাপজল মিশিয়ে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। দিনে দুইবার এই মিশ্রণ দিয়ে মুখ মুছে নিলে এটি প্রাকৃতিক টোনারের মতো কাজ করবে।

চুলের রুক্ষতা দূর করতে

দুই কাপ পানিতে পাঁচটি তেজপাতা ফুটিয়ে নিন। শ্যাম্পু করার পর ঠান্ডা হওয়া এই পানি দিয়ে চুল ধুয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল নরম ও মসৃণ হবে এবং রুক্ষতা দূর হবে।

খুশকি দূর করতে

তিনটি তেজপাতা গুঁড়া করে আধা কাপ নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে অল্প আঁচে পাঁচ মিনিট গরম করুন। এই তেল মাথার ত্বকে ভালোভাবে মালিশ করে এক ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একদিন করলে খুশকি সহজেই দূর হবে।

 

error: Content is protected !!