ছবি: সংগৃহীত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে প্রায় ১১ টন ২২৭ কেজি ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়। এসব সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ওষুধ। ত্রাণসামগ্রী হস্তান্তর শেষে বিমানটি একই দিনে বাংলাদেশে ফিরে আসবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের জন্য এ মানবিক সহায়তা পাঠানো হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার সকাল ৮টায় বিমান বাহিনীর পরিবহন বিমান কাবুলের উদ্দেশে উড্ডয়ন করে।
বিমানটি ছাড়ার আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, সরকারের পক্ষ থেকে প্রেরিত এই জরুরি ত্রাণ আফগানিস্তানের বিপর্যস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে। পাশাপাশি, ভবিষ্যতে বৈশ্বিক যেকোনো প্রয়োজনে সরকারের নির্দেশে আত্মনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত পৌনে ১২টায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফলে দেশটিতে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ গভীরভাবে শোকাহত।
