সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের করচারপাড় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বালাগঞ্জ-শেরপুর পাকা সড়কের ২.৫ কিলোমিটার অংশে একটি পুরনো ও ক্ষতিগ্রস্ত কালভার্টের জায়গায় ২০ মিটার দীর্ঘ একটি ব্রীজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এতে উদ্বেগ জানিয়েছেন এলাকাবাসী।
তাঁরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনে জানান, এই এলাকায় আগে কোনো খাল বা নালা ছিল না। পুরনো কালভার্ট নির্মাণের পর বন্যার পানির প্রবাহে আশপাশের তিন ফসলি জমি ও বসতভিটায় গভীর গর্ত তৈরি হয়েছে। নতুন ব্রিজ নির্মাণ হলে ক্ষতির আশঙ্কা আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।
এলাকাবাসীর দাবি, বর্তমানে যেখানে ব্রিজ নির্মাণের কথা বলা হচ্ছে, সেখানে সমতল সড়কই উপযুক্ত। গ্রামে প্রবেশমুখে থাকা একটি পুরনো ব্রিজ সংস্কার করলেই এলাকাবাসী উপকৃত হবেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ হাবিবুল্লাহ জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে।
