ছবি সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কাটারা এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দোহায় গাজার জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন হামাসের জ্যেষ্ঠ নেতারা। ওই সময় বৈঠকস্থল লক্ষ্য করেই ইসরায়েল হামলা চালায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করলেও সরাসরি কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ দাবি করেছে, ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারীসহ বেশ কয়েকজন হামাস নেতা তাদের লক্ষ্যবস্তু ছিলেন। এরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
ইসরায়েলের চ্যানেল-১২ জানায়, বৈঠকে হামাসের শীর্ষ নেতা খালেদ মাশালও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৭ সালে জর্ডানে তাকেই হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল।
হামাসের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আলোচক প্রতিনিধি দলকে উদ্দেশ্য করেই হামলা চালানো হয়েছে। কাতারে এটিই ইসরায়েলের প্রথম সরাসরি আক্রমণ, যদিও দেশটি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, “আবাসিক ভবনে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”
তিনি আরও জানান, ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড ও আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপের বিরুদ্ধে কাতার কোনো অবস্থাতেই নীরব থাকবে না। বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
