শিরোনাম

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-১২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্নদল কেন হবে? তবে এসব ভিন্নমত নির্বাচনের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই অনুষ্ঠিত হবে।”

প্রেস সচিব আরও জানান, নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতি। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তাও কোনোভাবেই সফল হবে না।

তার ভাষায়, “বাংলাদেশে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই বলেছেন, এটি একটি ‘ফাউন্ডেশনাল ইলেকশন’, যা ভবিষ্যতের রাজনীতিকে দিকনির্দেশনা দেবে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, সম্প্রতি এ সময়সূচি ঘোষণা করেছেন।

ইতোমধ্যে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে। অবকাঠামোগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারকে প্রস্তুত রাখা হয়েছে, যেন কোনো অনিয়ম বা সহিংসতার ঘটনা না ঘটে।

 

error: Content is protected !!