ছবি সংগৃহীত
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার মাধ্যমে ২২ বছরের দীর্ঘ আক্ষেপ ঘোচালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০০৩ সালের পর পাওয়া এই বিশেষ জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়; বরং খেলাধুলাকে ইতিবাচক শক্তি হিসেবে দেখেন এমন দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য এটি অনুপ্রেরণার উৎস। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন একটি সাফল্য নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি।
তিনি আশা প্রকাশ করেন, এই জয় বাংলাদেশের ফুটবলের সেই গৌরবময় দিনগুলো ফিরিয়ে আনতে সহায়ক হবে। একইসঙ্গে তিনি জানান, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই অন্তর্বর্তী সরকার ফুটবল বিকাশে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতের নির্বাচিত সরকারগুলোও এই ধারাকে অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সি-গ্রুপের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।
