আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি সিলেট-৩ আসনের সার্বিক উন্নয়ন পরিস্থিতি, জনদুর্ভোগ, কর্মসংস্থানের সংকট, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কারণও ব্যাখ্যা করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মইনুল বাকর বলেন, আমি কোনো দলের নয়, জনগণের প্রতিনিধি হতে চাই। এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষাই হবে আমার রাজনীতির মূল শক্তি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনকালীন রাজনৈতিক পরিবেশ, স্থানীয় সমস্যা ও উন্নয়ন ভাবনা নিয়ে খোলামেলা প্রশ্ন করেন। এ সময় মইনুল বাকর ধৈর্য ও স্পষ্টতার সঙ্গে প্রশ্নগুলোর উত্তর দেন।
এ দিকে বিকেলে মইনুল বাকর দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইয়াওর বখত চৌধুরী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

