আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল রোববার (১১ মে) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে আগামী পাঁচদিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এমনটাই জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একটি-দুটি স্থানে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অবশিষ্ট অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
খুলনা বিভাগে দিনের তাপমাত্রা তেমন একটা পরিবর্তন না হলেও, দেশের অন্য অংশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় একই থাকবে।
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোরে তীব্র ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ ও রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে, যা কিছু জায়গায় কমে যেতে পারে।
আজ সোমবার (১২ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন না এলেও, রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামীকাল মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না।
পরদিন বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা দিন ও রাতে প্রায় একই রকম থাকবে।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টার জন্যও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্য এলাকাগুলোর আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
