শিরোনাম

রমজানের আগেই সিলেট বাজারে লেবু-শসার দামে আগুন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-১৮

রমজানকে সামনে রেখে সিলেট নগরীতে লেবু ও শসাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। বাজারে সবজি, মাছ ও মাংসের দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিহালি লেবু ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র এক সপ্তাহ আগেও প্রতিহালি লেবু বিক্রি হয়েছিল ২০ থেকে ৩০ টাকায় এবং শসার দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা কেজি। রমজান ঘনিয়ে আসতেই এসব পণ্যের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।

নগরীর বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজারমদিনা মার্কেট এলাকায় ঘুরে দেখা যায়, ছোট আকারের লেবু ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

শুধু লেবুই নয়, শসার দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে বাজারে শসা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল প্রায় অর্ধেক।

শিবগঞ্জ এলাকার এক সবজি ব্যবসায়ী জানান, পাইকারি বাজারেই লেবুর দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। অনেক চাষি রমজানে বেশি দামের আশায় লেবু সংরক্ষণ করে রাখছেন, ফলে সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে।

অন্যদিকে বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা বলেন, রমজান মাসে লেবুর চাহিদা স্বাভাবিকভাবেই বেশি থাকে। তাই প্রতি বছরই এ সময় পণ্যের দাম বাড়ে। তবে এবার রমজান শুরুর আগেই লেবুর দাম অনেক বেশি হয়ে গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

error: Content is protected !!