শিরোনাম

এসএসসি পরীক্ষা শুরু কাল: সময়সূচি ও ১৪ নির্দেশনা জানুন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-২০
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।

প্রকাশিত রুটিন অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার সূচনা হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জুনের মধ্যে ব্যবহারিকসহ সকল পরীক্ষার নম্বরপত্র, উত্তরপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বিভাগ অনুযায়ী সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

এদিকে যানজট ও জনদুর্ভোগ কমাতে ১৮ এপ্রিল থেকে পরীক্ষার্থীদের কেন্দ্র প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টার মধ্যে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের পূর্বের নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।

পরীক্ষার্থীদের জন্য ১৪টি নির্দেশনা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে—

১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল/রচনামূলক অংশ নেওয়া হবে, এর মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষার অন্তত সাত দিন আগে প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রদান করা হবে এবং তা অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।
৬. ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে; উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—তিনটি অংশেই পৃথকভাবে পাস করতে হবে।
৮. নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
৯. সময়মতো প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে; ব্যত্যয় হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
১০. বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. সব পরীক্ষার জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে; এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পরীক্ষা ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

error: Content is protected !!