ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে গত আগস্ট মাসে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২২ জন। এর আগে চলতি বছরের মে মাসে বিভাগে সর্বোচ্চ ৫১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ২৪ জন। এর মধ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে আগস্টে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। এ জেলায় ১৭টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। হবিগঞ্জে নয়টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় চারজন নিহত এবং ২২ জন আহত হন। আর মৌলভীবাজারে চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।
নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, ট্রাফিক আইন না মেনে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটি।
দুর্ঘটনায় নিহতদের শ্রেণিভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আগস্টে ১০টি দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। সাতটি দুর্ঘটনায় প্রাণ গেছে নয়জন সিএনজি ও টমটম চালক ও আরোহীর। ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন চালক। এ ছাড়া সাতটি দুর্ঘটনায় সাতজন পথচারী মারা গেছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার সাতটি ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ১২টি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণ গেছে ২৭ জনের। এ ছাড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কার একটি ঘটনায় একজন নিহত হয়েছেন।
আগস্টে নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ছয়জন নারী এবং তিনজন শিশু রয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক এবং নিসচার সিলেট বিভাগের শাখাগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
জুলাইয়ের তুলনায় আগস্টে সড়ক পরিস্থিতির অবনতি হয়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছিলেন। সেই হিসাবে এক মাসের ব্যবধানে আগস্টে দুর্ঘটনা বেড়েছে সাতটি, প্রাণহানি বেড়েছে ১৬ জন এবং আহতের সংখ্যা বেড়েছে ৪৭ জন।
