ইসরায়েলের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন। তার এই মন্তব্যে অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আরবি ও উর্দু ভাষায় এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মাসরি লেখেন,
‘ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম থামানোর বিষয়টি ভাবছি।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান কিন্তু ইরান থেকে খুব একটা আলাদা নয়। এটাই যথেষ্ট ইঙ্গিত।’
তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। বহু ব্যবহারকারী পাকিস্তানের পক্ষে কথা বলেন এবং তার মন্তব্যকে উসকানিমূলক ও দায়িত্বহীন বলে অভিহিত করেন। কেউ কেউ সতর্ক করে বলেন, পাকিস্তানের পরমাণু সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে অবমূল্যায়ন করা উচিত নয়।
যদিও মেইর মাসরি বর্তমানে কোনো সরকারি দায়িত্বে নেই, তবে ইসরায়েলি রাজনীতিতে, বিশেষ করে লেবার পার্টির অভ্যন্তরে, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে কঠোর ভাষায় ইসরায়েলকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন,
‘ইসরায়েলের উদ্দেশে আমাদের বার্তা পরিষ্কার—পাকিস্তানের দিকে চোখ তোলার সাহস কোরো না।’
তিনি আরও জানান, ‘পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং দেশ যেকোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।’
ইসহাক দার আরও বলেন, ‘যেভাবে ভারতের সঙ্গে উত্তেজনার সময় জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, এবারও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই একযোগে প্রস্তুত আছি।’
এদিকে, মাসরির বক্তব্যের জেরে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, ইরানে হামলা হলে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলার পথে হাঁটতে পারে। তবে এসব গুজব পাকিস্তান সরকার সরাসরি অস্বীকার করেছে।
