৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় নতুন ও কঠোর নির্দেশনা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-১৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে। পিএসসির ওয়েবসাইটে রোববার (১৫ মার্চ) প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর কারিগরি, পেশাগত বা পদসংক্রান্ত বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলবে। সব পরীক্ষা ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

পিএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে। এই পরীক্ষায় মোট ১২,৩৮৫ জন অংশগ্রহণ করবেন।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক বা ব্যাগ বহন করা যাবে না। এছাড়া চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট/ডেবিট কার্ডসহ যেকোনো ইলেকট্রনিক সামগ্রী সঙ্গে রাখা নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে থাকলে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবেন। তারা পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করবেন। পিএসসি ইতিমধ্যেই পরীক্ষার্থীদের মোবাইলে খুদে বার্তা (SMS) পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জানিয়েছে।

প্রতিযোগীদের কানের ওপর কোনো আবরণ পরিধান করা যাবে না। আবরণ থাকলে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। তবে চিকিৎসাজনিত কারণে শ্রবণ সহায়িকা (হিয়ারিং এইড) ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ কমিশনের লিখিত অনুমোদন আগে নিতে হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধের জন্য এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

error: Content is protected !!