শিরোনাম

বৃষ্টি উপেক্ষা করে সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-০২

সরকার গঠনের আড়াই মাস পর বৃষ্টি উপেক্ষা করে শনিবার (২ মে) সিলেট সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় একটি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির নেতৃবৃন্দসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গাড়িবহর নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (র.)-এর মাজারে যান প্রধানমন্ত্রী। মাজার জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে তিনি দিনের কর্মসূচি শুরু করেন।

এর আগে, গত ২২ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি দলের চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর, যা ঘিরে প্রশাসন ও দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সকাল ১১টায় সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফর প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে সিলেটের বিভিন্ন উন্নয়ন চাহিদা তুলে ধরা হবে। তার আগমনকে কেন্দ্র করে পুরো নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

error: Content is protected !!