ওজন নিয়ন্ত্রণে কার্যকর ছোলার প্রোটিন সালাদ, জেনে নিন সহজ রেসিপি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-১৪

ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় পুষ্টিকর ও কম ক্যালরিযুক্ত খাবার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে সালাদ হতে পারে একটি আদর্শ খাবার। তবে সালাদে পর্যাপ্ত প্রোটিন যোগ করা হলে তা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণের প্রক্রিয়াকেও সহজ করে।

প্রোটিনসমৃদ্ধ ও স্বাস্থ্যকর একটি খাবার হিসেবে ঘরেই সহজে তৈরি করা যায় ছোলার প্রোটিন সালাদ। এটি যেমন সুস্বাদু, তেমনি শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানও সরবরাহ করে।

প্রয়োজনীয় উপকরণ

  • সেদ্ধ ছোলা – ১ কাপ
  • শসা কুচি – আধা কাপ
  • গাজর কুচি – আধা কাপ
  • টমেটো কুচি – আধা কাপ
  • ক্যাপসিকাম কুচি – আধা কাপ
  • পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি – পরিমাণমতো
  • ধনেপাতা কুচি – সামান্য
  • রসুন কুচি – ১ চা চামচ
  • অরিগ্যানো পাউডার – আধা চা চামচ
  • জিরার গুঁড়া – আধা চা চামচ
  • গোলমরিচ ও মরিচের গুঁড়া – স্বাদ অনুযায়ী
  • লবণ – পরিমাণমতো
  • লেবুর রস – ২ চা চামচ
  • মধু – সামান্য
  • অলিভ অয়েল – প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি প্যানে অল্প পরিমাণ অলিভ অয়েল গরম করে নিন। এরপর সেদ্ধ ছোলার সঙ্গে রসুন কুচি, অরিগ্যানো পাউডার, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে কয়েক মিনিট নেড়ে হালকা ভেজে নিন। মসলার স্বাদ ছোলার সঙ্গে মিশে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।

অন্যদিকে একটি বড় বাটিতে শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম ও ধনেপাতা কুচি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এর মধ্যে মসলাযুক্ত ভাজা ছোলা যোগ করুন।

সবশেষে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, সামান্য মধু এবং অল্প অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে পুষ্টিগুণে ভরপুর ছোলার প্রোটিন সালাদ।

দুপুরের খাবারের অংশ হিসেবে কিংবা বিকেলের স্বাস্থ্যকর নাস্তা হিসেবে এই সালাদ খাওয়া যেতে পারে। প্রোটিন ও আঁশসমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং ওজন কমানোর খাদ্যাভ্যাসে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

error: Content is protected !!