দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে কুইন্সটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৩টার দিকে দোকানটিতে আগুন লাগে। সে সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন কয়েকজন বাংলাদেশি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো সরকারি বা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য তাদের কাছে পৌঁছায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে তিনি জানান।
