প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-06
ছবি: সংগৃহীত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে ভর্তি নীতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এ শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতি বহাল থাকলেও অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা নেওয়া হয়েছে। সে সময় তিনি বলেছিলেন, লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে সবাই সমানভাবে প্রস্তুতির সুযোগ পায়।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণির ক্ষেত্রে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ফলে এ শ্রেণিতে আগের মতোই লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু করা হয়। পরের বছর, অর্থাৎ ২০১২ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি বিদ্যালয়েও একই নিয়ম কার্যকর হয়। সে সময়ও দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিধান বহাল ছিল।

error: Content is protected !!