সমাজে আলো ছড়ানোর গৌরব অর্জন করেছে ‘আনোয়ারা

: সাইদুর রহমান সাঈদ
প্রকাশ: 2026-11-07

একটি শিকড় সন্ধানী প্রকাশনা ‘আনোয়ারা’ দীর্ঘদিন ধরে প্রায় নিয়মিতই প্রকাশিত হয়েছে। ২০০৪ সালের ১৪ নভেম্বর আনোয়ারা’র আত্মপ্রকাশ ঘটে। ইতোমধ্যে এ সংকলনের ৫২টি সংখ্যা প্রকাশিত হয়েছে। বহু বছর ধরে আনোয়ারা সম্পাদক আব্দুর রশীদ লুলু অত্যন্ত ধৈর্য্য ও সহনশীলতার সাথে নিরলসভাবে কাজ করার ফলেই আনোয়ারা’র প্রকাশনা অব্যাহত থেকেছে এবং দিনেদিনে এ সংকলনের গ্রহণযোগ্যতার ক্ষেত্র প্রসারিত হচ্ছে। এটা নি:সন্দেহে অত্যন্ত প্রশংসনীয়।
প্রান্তিক জনপদ থেকে একটি সৃজনশীল সংকলন নিয়মিত বের করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। প্রায় ক্ষেত্রে অসম্ভবও। অনেকে অনেক আশা-আকাঙ্খা ও স্বপ্ন নিয়ে এ রকম সংকলন প্রকাশনা শুরু করলেও শেষ পর্যন্ত তা বন্ধ হয়ে যায়। কিন্তু আব্দুর রশীদ লুলু সব প্রতিকুলতা ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছেন। আনোয়ারা ৫২টি সংখ্যা তিনি পাঠকের হাতে তুলে দিতে সক্ষম হয়েছেন। সম্পাদক হিসেবে এটা তাঁর কৃতিত্ব, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয়। এ জন্য তাঁর প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আনোয়ারা সম্পাদক আব্দুর রশীদ লুলু বাল্যকাল থেকেই সাহিত্য চর্চার সাথে জড়িত। স্কুল জীবন থেকেই তিনি সাহিত্য বিষয়ে প্রচুর পড়াশুনা শুরু করেন। বলতে গেলে পাঠ্য পুস্তকের বাইরে সাহিত্য বিষয়ে পড়াশুনা তাঁর নেশায় পরিণত হয়। জানার প্রতি প্রচন্ড আগ্রহ তাকে বিভিন্ন ধরণের বই পড়তে অনুপ্রাণিত করে। এভাবে তিনি লেখালেখির সাথে জড়িয়ে পড়েন। গল্প দিয়ে লেখা শুরু করলেও ছড়া-কবিতা-প্রবন্ধ-নিবন্ধ-আলোচনা-সমালোচনা প্রভৃতি সব বিষয়েই তাঁর বিচরণ রয়েছে। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে তিনি এ চিকিৎসা বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ-নিবন্ধ লিখে যাচ্ছেন। হোমিও চিকিৎসা বিজ্ঞানে তাঁর এসব লেখার গুরুত্ব কোনো অংশেই অবহেলার নয়। চিকিৎসা পেশার পাশাপাশি সাহিত্য চর্চায় তাঁর নিরলস পরিশ্রম তাঁকে সব মহলে পরিচিত করেছে এবং সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে। একজন নিবেদিত প্রাণ চিকিৎসক ও সাহিত্যিক আব্দুর রশীদ লুলু আমাদের গৌরব ও অহংকার। আমরা তাঁর সৃজনশীল কর্মকান্ডের প্রতি সব সময়ই গভীর শ্রদ্ধা পোষণ করি।
আনোয়ারা সম্পাদক আব্দুর রশীদ লুলু পেশায় একজন হোমিও চিকিৎসক হলেও নেশায় একজন সাহিত্যিক। তাঁর সম্পাদিত সংকলন আনোয়ারা আলোর মিছিলের মতো কেবল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমাজের কুসংস্কার, ধর্মান্ধতা, মৌলবাদ, কুপমন্ডুকতা, জঙ্গীবাদ প্রভৃতির বিরুদ্ধে আনোয়ারা এক জ্বলন্ত মশাল। সৃজনশীল সংকলন আনোয়ারায় প্রকাশিত হচ্ছে, বিভিন্ন লেখকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, ছড়া, গল্প, গ্রন্থালোচনা, স্মৃতিচারণমূলক লেখা, জাতীয় ও আন্তর্জাতিক তথ্য ও তত্ত্ব বিষয়ক লেখা এবং হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ। এসব বিভিন্ন ধরণের লেখায় পরিপূর্ণ আনোয়ারা এক একটি সংখ্যা আসলে একটি জ্ঞান ভান্ডার। আনোয়ারার অত্যন্ত পরিশীলিত, পরিকল্পিত ও সুশৃঙ্খল বিন্যাস সম্পাদকের মুন্সিয়ানা ও দক্ষতার পরিচয় বহন করে। আনোয়ারাকে কেন্দ্র করে একটি সাহিত্য বলয় গড়ে উঠেছে। ঐ সংকলনকে কেন্দ্র করে অসংখ্য লেখক ও পাঠক সৃষ্টি হয়েছে। এদিক থেকে বলতে গেলে লেখক সৃষ্টিতে আনোয়ারার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একজন প্রগতিশীল ও সৎ লেখক জাতির বিবেক। সেই বিবেক সৃষ্টিতে আনোয়ারা আগামী দিনে আরো বেশি অবদান রাখতে পারবে বলে আমরা আশাবাদী।
আনোয়ারায় প্রকাশিত লেখাগুলোতে সমাজ বিকাশ, সামাজিক পরিবর্তন ও বাস্তবতা সম্পর্কে যেসব বিচিত্র অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে, সেসবের যথাযথ মূল্যায়ন অপরিহার্য। কারণ, যে দেশে ঘুষ-দুর্নীতি-দখল-লুটপাট প্রচন্ড শক্তিশালী হয়ে উঠে, সে দেশে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। যে দেশে আদর্শহীন, বিবেকহীন, লোভী, লুটেরা ও সুবিধাবাদী মানুষ শক্তিশালী হয়ে উঠে, সে দেশে সাধারণ মানুষ সব সময় আতংকের মধ্যে থাকে। আমাদের দেশে এসব অপশক্তির প্রচন্ড দাপটের কথা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রখ্যাত ইতিহাসবিদ অমলেশ ত্রিপাঠী বাঙালি চরিত্রের দুইটি বৈশিষ্টের কথা বলেছেন, তাহলো- বিভেদ প্রবণতা ও উচ্চাকাঙ্খা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও কোনো কোনো ক্ষেত্র বাঙালির চরিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতেন। রাজনীতিক জীবনে সুবিধাবাদী নেতাদের আচরণ দেখে তিনি আক্ষেপ করে বলেছিলেন- ‘বারো বৎসর ক্রিমিনাল প্র্যাকটিস করে মানব চরিত্রের উপর যে বিশ্বাস আমার ছিল, আট বৎসর রাজনীতি করে সে বিশ্বাস আমি হারিয়ে ফেলেছি।’ আসলে যে যাই বলুক, এক অর্থে আমরা একটা প্রচ্ছন্ন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। এখানে একমাত্র প্রগতিশীল ও সৎ লেখকরাই অন্ধকারের অপশক্তির সভ্যতা বিনাশী চক্রান্তের মুখোশ খুলে দিতে পারেন। এক্ষেত্রে আনোয়ারা সাহসী ভূমিকা গ্রহণ করে সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে। আনোয়ারা সম্পাদক আব্দুর রশীদ লুলু সম্পাদনার ক্ষেত্রে দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন, আগামীতেও তিনি তাঁর এ সাধনা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী। দেশ, জাতি ও সমাজের প্রতি তাঁর দায়িত্বশীলতা, তার দেশপ্রেম ও শিকড় সন্ধানী সাহিত্য চর্চা সত্যিই প্রশংসনীয়। কবি তারিক সুজাত তাঁর এক কবিতায় বলেছিলেন, ‘দেশ যদি মাতৃসমা/শিল্প যদি আলোর শিখা/এই সোনার দেশে/এতো কুলাঙ্গার কোন আতুর ঘরে জন্ম নিলো?’ প্রগতিশীল ও সৎ লেখক, সম্পাদক, কবি, শিল্পী ও সাংবাদিকদেরকেই এ জিজ্ঞাসার জবাব খুঁজতে হবে এবং পত্র-পত্রিকা, সংকলন, সাময়িকী ও বই পুস্তকে তা প্রকাশ করতে হবে। এ ক্ষেত্রে যে সফল হবে, ইতিহাস তাকেই মনে রাখবে।

 লেখক: কবি-কলামিস্ট। সভাপতি, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদ, বিশ্বনাথ, সিলেট।

error: Content is protected !!