নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশ্রাফীয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ শিক্ষার্থী। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও শিক্ষার্থী হাসপাতালে আসছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, সেখানে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। অন্যরা অসুস্থ শিক্ষার্থীদের দেখভাল করছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। আরও রোগী হাসপাতালে আসছেন। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, লাইব্রেরির যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। তবে অগ্নিকাণ্ডের পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তিনি আরও জানান, মাদ্রাসা ভবনে একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়।
