ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, মিলবে শুধু অনলাইনে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-১৩

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) সকাল থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি কার্যক্রম চালু হয়।

রেলওয়ে জানিয়েছে, টিকিট কালোবাজারি ও অবৈধ বিক্রি ঠেকাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।

ঈদ উপলক্ষে পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে। সূচি অনুযায়ী, ২৩ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে ১৩ মে। এছাড়া ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদ উপলক্ষে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া বা রিফান্ডের সুযোগ থাকবে না।

এদিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

error: Content is protected !!