অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে শান্তদের ফোন করে প্রধানমন্ত্রীর অভিনন্দন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-16
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এই জয় পায় বাংলাদেশ।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্মরণীয় সাফল্য অর্জন করে টাইগাররা। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঐতিহাসিক জয়ের জন্য দলের সদস্যদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও তাদের শুভেচ্ছা জানান।

জানা গেছে, বাংলাদেশ দল যখন জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ভিডিও কলে দলের খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে পাওয়া এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার কারণেই এমন সাফল্য এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী দলের ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে পরবর্তী টেস্টেও ভালো পারফরম্যান্স করে সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে সেই জয়ের পর আরও বড় ইতিহাস গড়ল টাইগাররা।

এদিকে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

error: Content is protected !!