দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ থেকে ১৪ দিনের ছুটি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-02
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন মেয়াদে ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্তরভেদে এ ছুটির সময়সীমা ৫ দিন থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত হতে পারে। সাপ্তাহিক ছুটি পূজার ছুটির সঙ্গে যুক্ত হওয়ায় অনেক প্রতিষ্ঠানে টানা ছুটির মেয়াদ বেড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা যায়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় ছুটির সময়সূচিতে পার্থক্য রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি রয়েছে। এর আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটি কার্যত দীর্ঘ হয়েছে।

এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটিও যুক্ত হচ্ছে। ফলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি পাবেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ পর্যায়ে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

এই ছুটির আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৪ দিনের ছুটি পাবেন।

মাদরাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলকভাবে কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে।

এর পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিন বন্ধ থাকবে মাদরাসা।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটির সময়সূচি পৃথক। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজার ছুটি নির্ধারণ করবে।

এবার দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরাও সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্প্রতি জানিয়েছেন, আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিল একদিন। অন্তর্বর্তী সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে তা আরও এক দিন বাড়ানো হয়। এবার আরও এক দিন ছুটি বাড়ানো হয়েছে। ফলে পূজা উপলক্ষে সরকারি ছুটি তিন দিনে দাঁড়িয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটির পাশাপাশি ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরের দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস বন্ধ থাকবে।

error: Content is protected !!