সিলেটে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেপ্তার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-03
ছবি: সংগৃহীত

সিলেটে মানবপাচারের পৃথক চার মামলার আসামি ভাই-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)।

পুলিশের তথ্য অনুযায়ী, সুভি ও শামছুলসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে জড়িত। ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিদেশগামীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, সুভির স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করেন। ইউরোপে যাওয়ার আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে চক্রটি মোটা অঙ্কের অর্থ আদায় করত বলে অভিযোগ রয়েছে।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও মামলার ভুক্তভোগী শেলন ভান্ডারী অভিযোগ করেন, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে সুভি বেগম অনেক বিদেশপ্রত্যাশীর কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন। তার স্বামী ও ভাইও আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন তিনি।

শেলন ভান্ডারীর দাবি, ইতালিতে পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকেও ১৫ লাখ টাকা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন। তিনি জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!