উত্তরায় বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২২
ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধান উপদেষ্টা একে ‘জাতির জন্য গভীর বেদনার ক্ষণ’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন।

এদিকে দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনসহ বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এই ঘটনায় আজকের জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, যা আগামীকাল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলের কিছু পূর্বঘোষিত কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আজ মঙ্গলবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!