ছবি; সংগৃহীত
নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। একইসাথে ভোটার উপস্থিতি নিশ্চিত করা, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্যের বিস্তার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও তিনি সতর্ক করেন।
শনিবার (২৬ জুলাই) খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার বিশ্বজুড়ে একটি বড় হুমকি। মানুষের কণ্ঠস্বর নকল করে ভুয়া বক্তব্য ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। ইউরোপের একটি দেশে এমন প্রযুক্তির কারণে নির্বাচন স্থগিত করতে হয়েছে। এটা এক প্রকার ডিজিটাল অস্ত্র—খুবই বিপজ্জনক।”
তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। একজন ভুয়া তথ্য দিলে যাচাই ছাড়াই হাজারো মানুষ তা শেয়ার করে, যার ফলে কোটি মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। তবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এক প্রশ্নের উত্তরে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গ উঠলে সিইসি বলেন, “এ পদ্ধতি অনুসরণ করতে চাইলে সংবিধান ও আইনের সংশোধন প্রয়োজন। ততক্ষণ পর্যন্ত বিদ্যমান নিয়মেই নির্বাচন হবে।”
সিইসি জোর দিয়ে বলেন, “দেশের স্বার্থেই একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন প্রয়োজন। রাতের আঁধারে ভোটের দিন শেষ হয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
