ছবি; সংগৃহীত
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩৫-এ পৌঁছেছে। নিহতদের অধিকাংশই শিশু, এ ঘটনায় শোকাহত পুরো দেশ।
শোকের এই সময় পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনও। কাতালান ক্লাব বার্সেলোনার পর এবার শোক প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইউনাইটেড লিখেছে, ‘ঢাকার মর্মান্তিক দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত, তাদের প্রতি ভালোবাসা ও সমবেদনা জানাচ্ছি। আপনাদের শান্তি ও সাহস কামনা করি।’
এর আগে ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’ নামে বার্সার বাংলাদেশি সমর্থকগোষ্ঠীকে পাঠানো এক চিঠিতে বার্সেলোনা ক্লাব জানায়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।’
শোক জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনও। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েরা ট্রফিটি উৎসর্গ করে নিহতদের উদ্দেশে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টির টিকিট বিক্রির আয়ের একটি অংশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
