মাইলস্টোন কলেজে ধাপে ধাপে ক্লাস শুরু, চলবে মনোসামাজিক কাউন্সেলিং

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৬
ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনার ট্রমা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ১২ দিনের ছুটি শেষে বুধবার (৬ আগস্ট) নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস পুনরায় শুরু হয়েছে। এর আগে দুই দিন চলেছে দোয়া মাহফিল ও গ্রুপ কাউন্সেলিং।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল জানান, শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্যাম্পাসে ফেরানো হচ্ছে। আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং অব্যাহত থাকবে।

অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, শিক্ষার্থীদের মানসিকভাবে সাপোর্ট দেওয়াই এখন প্রধান লক্ষ্য। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রীদের মানসিক ক্ষতি তুলনামূলক বেশি হওয়ায় তাদের জন্য আলাদা সেশন পরিচালনা করা হচ্ছে।

ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর ও কলেজের নিজস্ব মনোরোগ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি দল কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করছে। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।

কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানিয়েছেন, যেসব শিক্ষার্থী এখনও ট্রমায় আছে, তারা চাইলে অন্য শাখায় কিংবা প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত শিক্ষা কার্যক্রম চালানো হবে না।

উল্লেখ্য, গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৩৩ জন প্রাণ হারান। এ ঘটনার পর প্রতিষ্ঠানটি ১২ দিনের ছুটি ঘোষণা করে।

error: Content is protected !!