বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি স্বেচ্ছায় নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
এদিন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল দুপুর ১২টা। তার আগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর চূড়ান্ত যাচাই-বাছাইয়ে মনোনয়ন টিকে গেলেও তামিম আর নির্বাচন লড়াইয়ে থাকার সিদ্ধান্ত নেননি। জানা গেছে, কিছু ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ায় অসন্তুষ্ট ছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসনে সক্রিয় হয়ে অবদান রাখার ইচ্ছা ছিল তামিমের, বিশেষ করে ক্রিকেট অপারেশনে। তবে আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। ফলে নির্বাচনে পরিচালক পদ নিয়ে লড়াইয়ের চিত্র বদলে যেতে পারে বলে মনে করছেন অনেকে।
প্রার্থিতা প্রত্যাহারের দিন মিরপুরে তামিম ছাড়াও হেভিওয়েট প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরুকেও দেখা যায়।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের মোট ২৫ পরিচালক নির্বাচিত হবেন তিনটি ক্যাটাগরি থেকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থাভিত্তিক ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটেই গঠিত হবে বিসিবির সভাপতি পদ।
