উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল: তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-৩১
ছবি: সংগৃহীত

সিলেট-আখাউড়া রেলপথে ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হলে দ্রুত ট্রেনটি থামানো হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় সিলেটগামী কয়েক শ যাত্রী ভোগান্তিতে পড়েন এবং রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়।

পরে সকাল ৯টার দিকে বিকল্প ব্যবস্থা হিসেবে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে নেওয়া হয়। একই সময়ে সিলেট থেকে আসা আরেকটি বিকল্প ইঞ্জিন উদ্ধার কাজে অংশ নেয়।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি উদ্ধার করে স্টেশনে আনা হয়েছে। এ কারণে ঢাকাগামী কালনী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়।

তিনি আরও জানান, বর্তমানে শমশেরনগর রেলস্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস অবস্থান করছে এবং সকাল ৯টার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

error: Content is protected !!