ধর্মঘট প্রত্যাহার: সিলেটে চালু হচ্ছে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-04-02
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগের পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক-শ্রমিকরা। ফলে ধীরে ধীরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

বুধবার (১ এপ্রিল) রাত প্রায় পৌনে ৩টার দিকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকেই পাম্পগুলো পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়। তবে গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় সব পাম্পে তাৎক্ষণিকভাবে বার্তা পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার মধ্যে অধিকাংশ পাম্পে কার্যক্রম স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর মালিকরা পাম্প খোলার কাজ শুরু করেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করেই এই ধর্মঘট শুরু হয়েছিল। রাত ১০টার দিকে কিছু ট্যাংকলরি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলেও আলোচনা সাপেক্ষে দেড় ঘণ্টার মধ্যেই তা তুলে নেওয়া হয়।

পুলিশ কমিশনার বলেন, চাঁদাবাজির বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সমস্যা সমাধানে পরদিন সকাল ১১টায় পাম্প মালিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে, যেখানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

error: Content is protected !!