নামাজের সময় হরিপুর বাজারে সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০৪-০৯
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলা-এর হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
বুধবার (৮ এপ্রিল) ঐতিহ্যবাহী হরিপুর বাজার জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল।
তিনি জানান, প্রতিটি ওয়াক্ত নামাজের সময় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হবে এবং নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে।
স্থানীয়দের ভাষ্যমতে, হরিপুর বাজারে ধর্মীয় অনুশাসন মেনে চলার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। অতীত থেকেই এখানে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ রয়েছে এবং সেই নিয়ম এখনো বহাল আছে। এলাকার প্রখ্যাত আলেম অলিকুল শিরোমণি আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নামানুসারেই এই অঞ্চলের পরিচিতি গড়ে উঠেছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে একটি ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা পলী রানী দেব (ভূমি কর্মকর্তা) বলেন, এটি একটি ভালো উদ্যোগ হলেও তাকে এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কুতুব উদ্দীন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

error: Content is protected !!