ছবি: সংগৃহীত
দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরাইল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মসজিদটি বন্ধ রাখা হয়েছিল বলে জানা যায়, যা প্রকাশ করেছে আনাদোলু।
স্থানীয় সূত্র অনুযায়ী, পুরনো শহরে অবস্থিত আল-আকসা প্রাঙ্গণ ভোরে খুলে দেওয়া হয়। ফজরের আজানের সঙ্গে সঙ্গেই শত শত ফিলিস্তিনি মুসল্লি সেখানে প্রবেশ করতে শুরু করেন। অনেককে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সেজদায় লুটিয়ে পড়তেও দেখা যায়।
দীর্ঘদিন পর প্রথমবারের মতো মসজিদে জামাতে নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল পুরোপুরি আল-আকসা মসজিদে সাধারণ মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেয়। তখন শুধু মসজিদের কর্মী ও জেরুজালেম ইসলামিক ওয়াকফের কর্মকর্তাদের নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল। ফলে ফিলিস্তিনিদের আশপাশের ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয় এবং চলতি বছর ঈদুল ফিতরের নামাজও আল-আকসায় আদায় করা সম্ভব হয়নি।
এছাড়া ৬ এপ্রিল ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন-গভির মসজিদটি বন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন বলে জানা যায়।
একই সময়ে ইসরাইল খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় স্থান চার্চ অব দ্য হলি সেপালকারও বন্ধ করে দেয়। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই ধরনের ঘটনা এবারই প্রথম বলে উল্লেখ করা হয়েছে।
