ঈদের ছুটিতে সাদাপাথরে উপচে পড়া ভিড়, মুখরিত পর্যটনকেন্দ্র

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-২৯
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটি ঘিরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে নেমেছে পর্যটকদের ঢল। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পাহাড়ঘেরা স্বচ্ছ পানির পাথুরে নদী আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে আনন্দ সময় কাটান দর্শনার্থীরা। কেউ নেমেছেন ঠান্ডা পানিতে, কেউ ছবি ও সেলফি তুলতে ব্যস্ত। আবার অনেকে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়িয়েছেন পর্যটনকেন্দ্রজুড়ে। শিশু থেকে বয়স্ক—সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় সাদাপাথরে।

সিলেটে প্রচণ্ড গরমের মধ্যেও পর্যটকদের উৎসাহে ভাটা পড়েনি। বরং স্বচ্ছ নীল পানিতে নেমে অনেকেই গরম থেকে স্বস্তি খুঁজেছেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ব্যস্ত ছিলেন অনেকে।

কুমিল্লা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা কলেজছাত্রী অদিতি বলেন, সাদাপাথরের সৌন্দর্য সত্যিই অসাধারণ। এখানে এসে খুব ভালো লাগছে। তবে পর্যটকদের সুবিধার জন্য আরও উন্নত অবকাঠামো প্রয়োজন বলে তিনি মনে করেন।

এদিকে ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা বাড়ায় খুশি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টরা। নৌকার মাঝি, ক্ষুদ্র ব্যবসায়ী ও ফটোগ্রাফাররা জানান, দীর্ঘদিন পর পর্যটকদের ভিড়ে তাদের ব্যবসায় প্রাণ ফিরেছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা গেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

error: Content is protected !!