সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বাসচালক ও তার সহকারী নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) ভোরে তাজপুর বাজারের পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের চালক সোহেল (৩০) এবং তার সহকারী ইমন (২০)। সোহেলের বাড়ি নরসিংদী সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামে। তিনি তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস সড়কের পাশে সিলেটমুখী হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একই পথে চলাচলকারী ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস পেছন থেকে এসে বাসটিকে জোরালো ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় বাসচালক সোহেল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলে তার সহকারী ইমনও মারা যান।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে মহাসড়কে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।