মৌলভীবাজারের জুড়ী উপজেলা ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ির বাগানে শনিবার (৫ জুলাই) সকালে এক চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতরে স্ত্রীর নিথর দেহ এবং ঘরের বাইরে রাস্তায় স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহতরা হলেন দিলীপ বুনারজি (৪৭) ও তার স্ত্রী সারি বুনারজি (৩৮)। সকাল বেলা তাদের আট বছরের ছেলে লিটন ঘুম থেকে উঠে প্রথমে মাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে সে ঘরের বাইরে যায় এবং দেখে বাবা রাস্তায় পড়ে আছেন। পরে প্রতিবেশীদের জানালে তারা এসে নিশ্চিত হন, দুজনই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারটির তিন সন্তানের মধ্যে বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে দাদাবাড়িতে থাকেন এবং ছোট ছেলে লিটন মা-বাবার সঙ্গে থাকত।
স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে পরিবারটি স্বাভাবিকভাবে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। দাম্পত্য জীবনে তাদের কোনো বিরোধ ছিল না বলেও তিনি জানান।
রোববার (৬ জুলাই) দুপুরে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দম্পতি বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে এবং মরদেহের মুখে দুর্গন্ধ ছিল।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বড় ছেলে ঢাকায় আসলে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।
